যুক্তরাষ্ট্রে চিকিৎসকের বিরুদ্ধে নারী রোগীদের যৌন নিপীড়নের অভিযোগ
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক রিতেশ কালরার বিরুদ্ধে একাধিক গুরুতর মেডিক্যাল প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—বৈধ চিকিৎসাজনিত প্রয়োজনে নয়, বরং উদ্দেশ্যহীনভাবে অপিওয়েড জাতীয় ওষুধ বিতরণ, নারী রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশনের বিনিময়ে যৌন সুবিধা আদায় এবং ভুয়া রোগী দেখানোর নামে নিউ জার্সির মেডিক্যাল প্রগ্রামের অর্থ আত্মসাৎ। এনডিটিভির খবরে বলা হয়, বর্তমানে কালরা গৃহবন্দি অবস্থায় রয়েছেন এবং তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও ওষুধ প্রেসক্রিপশন দেওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার চিকিৎসাকেন্দ্র বন্ধ রাখতে হবে। কালরার একাধিক সাবেক কর্মচারী জানিয়েছেন, অনেক নারী রোগী অভিযোগ করেছিলেন যে ডাক্তার কালরা তাদের স্পর্শকাতর স্থানে স্পর্শ করতেন এবং প্রেসক্রিপশন পাওয়ার শর্ত হিসেবে তাদের কাছে যৌন সম্পর্ক, এমনকি ওরাল সেক্সের দাবি করতেন। এক নারী রোগী অভিযোগ করেছেন, চিকিৎসা পরামর্শের সময় তিনি একাধিকবার কালরার যৌন নিপীড়নের শিকার হয়েছেন, যার মধ্যে জোরপূর্বক সঙ্গমের ঘটনাও রয়েছে। কালরার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে তিনি বহু ভুয়া ইন-পার্সন ভিজিট ও কাউন্সেলিং সেশনের বিল দাবি করেছিলেন, যা বাস্তবে কখনোই ঘটেনি। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি আলিনা হাব্বা এক বিবৃতিতে বলেন, চিকিৎসকরা সমাজে অত্যন্ত দায়িত্বপূর্ণ অবস্থানে থাকেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, ড. কালরা এই অবস্থানকে ব্যবহার করেছেন আসক্তি ছড়াতে, অসহায় রোগীদের যৌনভাবে শোষণ করতে এবং নিউ জার্সির সরকারি স্বাস্থ্যসেবা প্রগ্রামকে ঠকাতে। তিনি আরো বলেন, যৌন সুবিধার বিনিময়ে প্রেসক্রিপশন প্রদান এবং মেডিকেড থেকে ভুয়া অ্যাপয়েন্টমেন্টের বিল আদায় করে, তিনি শুধু আইন ভঙ্গ করেননি, বরং মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছেন। kalerkantho